রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রোববার শুরু ১৩তম জাতীয় এসএমই মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী; জামানতবিহীন ঋণ বাড়ানোর আশ্বাস শিল্পমন্ত্রীর

আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনের মেলায় সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে।

রোববার থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এতে অংশ নেবে।

শনিবার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতেই এ মেলা। একই সঙ্গে ব্যাংকঋণের জটিলতা নিরসনে জামানতবিহীন ঋণসুবিধার আশ্বাস দেন তিনি। মন্ত্রী জানান, ঋণসুবিধা সম্প্রসারণ ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে বেশ কিছু নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বাজারে প্রচলিত বাণিজ্যিক ঋণের সুদের হার ১৩ থেকে ১৪ শতাংশ হলেও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষায় ৭ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। ছয় লাখ বা ১২ লাখ টাকার ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলোর কঠিন শর্ত ও জামানতের বাধ্যবাধকতা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় প্রতিবন্ধকতা বলে তিনি উল্লেখ করেন। এই সমস্যা কাটাতে বাংলাদেশ ব্যাংক একটি কর্মসূচি চালু করেছে, যার আওতায় নতুন উদ্যোক্তা ও স্টার্টআপের ধারণা গ্রহণযোগ্য ও বাস্তবায়নযোগ্য হলে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে; এর ১০ লাখ টাকা অনুদান হিসেবে গণ্য হবে এবং বাকি ১০ লাখ টাকা ঋণ হিসেবে পরিশোধ করতে হবে।

শিল্পমন্ত্রী আরও জানান, ক্রেডিট হোলসেলিং কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি বিসিকের মাধ্যমে সম্প্রতি ৫১১ জন উদ্যোক্তাকে প্রায় ১১ থেকে ১৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে দুই লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন এবং স্থানীয় কার্যালয়ের মাধ্যমে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ রয়েছে। আগামী দিনে জামানতবিহীন ঋণের ক্ষমতা ও পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

কর্পোরেট প্রতিযোগিতার প্রশ্নে মন্ত্রী বলেন, উৎপাদন খরচ কম ও বেশি মূলধনের সুবিধার কারণে বড় প্রতিষ্ঠানগুলো বাজারে এগিয়ে থাকে; সব খাতে শুধু বড় প্রতিষ্ঠান এলে ছোট উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারেন, সে জন্য এসএমই বোর্ডকে বিশেষ সুপারিশমালা তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে।