দেশের প্রতি আটজন নাগরিকের একজন এখন ডায়াবেটিসে আক্রান্ত। আলোচকেরা বলছেন, রোগটি জাতীয় স্বাস্থ্য সমস্যার চেহারা নিয়েছে এবং শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে একা এর মোকাবিলা করা সম্ভব নয়। মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা উঠে আসে। জামায়াতে ইসলামীর অনুসারী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম নিজেদের কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করে।
মূল উপস্থাপনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হুরজাহান বানু বলেন, অপরিকল্পিত নগরায়ণ, অস্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও কায়িকশ্রমে অনীহার কারণে দেশে ডায়াবেটিস বাড়ছে। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের সর্বশেষ পরিসংখ্যান উদ্ধৃত করে তিনি জানান, বাংলাদেশের ১৩ দশমিক ২ শতাংশ মানুষ এ রোগে ভুগছেন।
বিশেষ অতিথি সংসদ সদস্য মাহমুদা আলম বলেন, দেশে ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, অথচ অনেকেই জানেন না যে তাঁরা এই দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। তাঁর মতে, এত বড় সমস্যা মোকাবিলায় কৃষি ও খাদ্যসহ আরও অনেক মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে।
ইবনে সিনা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্দুল মুকিত সতর্ক করে বলেন, ডায়াবেটিস ৮ থেকে ১০ বছর অনিয়ন্ত্রিত থাকলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, আর রোগী অনেক সময় তা সহজে বুঝতে পারেন না। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিয়মিত কিডনি পরীক্ষা করানো জরুরি। ডায়াবেটিসে আক্রান্তদের উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগের ঝুঁকিও বেড়ে যায়।
সংগঠনের মহাসচিব অধ্যাপক মাহমুদ হোসেন বলেন, ডায়াবেটিস এখন অন্যতম জনস্বাস্থ্য সমস্যা এবং এ বিষয়ে সচেতনতা তৈরিতে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে।