সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

৬৪ জেলায় পর্যায়ক্রমে প্রতিবন্ধী স্কুল গড়বে সরকার, জানালেন সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক কেয়ারারস দিবসের অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, বিশেষ শিক্ষক প্রশিক্ষণ বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কাজও চলছে।

দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং তাঁদের সমাজের মূলধারায় যুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার রাজধানীর ইস্কাটনে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের আয়োজনে ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬’ উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অতীতের যেকোনো সময়ের তুলনায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়া সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে কাজে যুক্ত হতে পারেন, সে জন্য সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রশাসনিক কার্যক্রম চলছে। একই সঙ্গে বেসরকারি খাতের মালিক ও উদ্যোক্তাদের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দিতে তিনি আহ্বান জানান।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বক্ষণিক পরিচর্যায় থাকা অভিভাবকদের ত্যাগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সন্তানের যত্ন নিতে গিয়ে যে বাবা-মা অন্য কোনো পেশায় যুক্ত হতে পারেন না, তাঁদের বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও কাজের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়ানোর জন্য বিশেষায়িত শিক্ষকের সংকট রয়েছে। বর্তমানে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের জন্য মাত্র একটি সরকারি কলেজ আছে; এ কার্যক্রম দ্রুত বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের সহায়ক উপকরণ তৈরির সরকারি প্রতিষ্ঠানকে আরও আধুনিক করা হবে। এ ছাড়া আন্তর্জাতিক প্যারা অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্যের জন্য সাভারে আন্তর্জাতিক মানের অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে বলেও তিনি জানান।