রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটে চিকিৎসকের অনুমতিপত্র না থাকায় ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারীর যাত্রা আটকে গেল, আজ যাওয়ার কথা

বিমান বাংলাদেশের নিয়মে প্রয়োজনীয় কাগজ না থাকায় একা যেতে না চাওয়ায় একই পরিবারের চারজনেরই শনিবারের যাত্রা বাতিল হয়।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি। কারণ, তাঁর কাছে চিকিৎসকের অনুমতিপত্র ছিল না। তাঁকে একা রেখে যেতে রাজি না হওয়ায় পরিবারের অন্য তিন সদস্যও যাত্রা বাতিল করেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিজি-২০১ ফ্লাইটটির। এই ফ্লাইটে যাত্রার জন্য চার সদস্যের পরিবারটি বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। তখনই অন্তঃসত্ত্বা নারীর ভ্রমণের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতিপত্র প্রয়োজন হওয়ার বিষয়টি সামনে আসে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেদিন কারও যাত্রা হয়নি।

ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ জানান, এটি বিমানের নিয়মসংক্রান্ত বিষয়। তিনি বলেন, তাঁরা ওই নারীকে ফ্লাইটে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে কেবিন ক্রুসহ সংশ্লিষ্টদের আইনি জটিলতার আশঙ্কায় আপত্তি থাকায় তা সম্ভব হয়নি। যাত্রী ও তাঁর পরিবারকে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে বলেও জানান তিনি।

নিরাপদ আকাশযাত্রা নিশ্চিত করতে বিমান বাংলাদেশের নিয়ম অনুসরণ করে চিকিৎসকের অনুমতিপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছেন পরিবারটি। স্টেশন ম্যানেজার জানান, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং কাগজপত্র তৈরির কাজও চলছে। ছাড়পত্র পাওয়া সাপেক্ষে আজ রোববার তাঁদের যুক্তরাজ্যে যাওয়ার ব্যবস্থা করা হবে।