বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

আন্দোলনের ১৪ দিনের কাটা বেতন দুই মাসেও ফেরত পাননি শাখা ডাকঘর কর্মচারীরা, অভিযোগ রাজশাহীর সংগঠনের

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে জুলাইয়ে ১৪ দিন ধর্মঘট করা কর্মচারীদের বেতন কেটে নেওয়া হয়েছে; ফেরত দেওয়ার আশ্বাস বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছে রাজশাহী ডাকঘর কর্মচারী কল্যাণ পরিষদ।

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করায় বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘর কর্মচারীদের ১৪ দিনের বেতন কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। আন্দোলন প্রত্যাহারের সময় কর্তৃপক্ষ বেতন না কাটার আশ্বাস দিলেও দুই মাস পার হয়ে গেছে, এখনো সেই টাকা ফেরত পাননি কর্মচারীরা। সোমবার রাজশাহী ডাকঘর কর্মচারী কল্যাণ পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের উপদেষ্টা আব্দুল জলিল ও হজরত আলী বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর কর্মচারীরা কাজে যোগ দিয়ে নিয়মিত ডাক বিলিসহ অন্যান্য দায়িত্ব পালন করেছেন। কিন্তু আন্দোলনের ১৪ দিনের বেতন কেটে নেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত ৬ থেকে ২০ জুলাই পর্যন্ত টানা ১৪ দিন ধর্মঘট পালন করেন শাখা ডাকঘরের কর্মচারীরা। এতে দেশের প্রায় সাড়ে আট হাজার গ্রামীণ ডাকঘরের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। ব্যাহত হয় চিঠিপত্র, ভিপি, পার্সেল ও মানি অর্ডারসহ ডাক বিভাগের বিভিন্ন সেবা। বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ে বিপুলসংখ্যক ডাক জমে যায়।

সংগঠনের ভাষ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে ডাক বিভাগের কর্তৃপক্ষ আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে। বগুড়া প্রধান ডাকঘরের সামনে রাজশাহী ও রংপুর বিভাগের ৬০০ থেকে ৭০০ কর্মচারীকে নিয়ে বৈঠক হয়। সেখানে দাবি পূরণের আশ্বাসের পাশাপাশি ধর্মঘটের ১৪ দিনের বেতন কেটে নেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। এর পর ২১ জুলাই ধর্মঘট প্রত্যাহার করে কর্মস্থলে যোগ দেন কর্মচারীরা।

পরিষদের সভাপতি জহুরুল হক ও সম্পাদক হাফিজুর রহমান জানান, গত ৩১ আগস্ট ও ১৪ সেপ্টেম্বর উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার জেনারেল আল মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরা হয়। তখন দ্রুত টাকা ফেরত দেওয়ার আশ্বাস মিললেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে পোস্টমাস্টার জেনারেল সভায় আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন; ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।