খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের পদায়নে তদবির ও ব্যক্তিগত প্রভাব কমাতে সফটওয়্যারভিত্তিক লটারি পদ্ধতি চালু করেছে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। তবে নতুন এই পদ্ধতিতে হওয়া একটি পদায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন পদায়ন থেকে বঞ্চিত কয়েকজন কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফটওয়্যারের মাধ্যমে আবেদন গ্রহণ থেকে শুরু করে যোগ্যতা যাচাই ও চূড়ান্ত পদায়ন—সবই নির্দিষ্ট প্রক্রিয়ায় করা হচ্ছে। এ পদ্ধতিতে এখন পর্যন্ত দুই ধাপে ১২ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আরেক ধাপে আরও তিনজনকে আগামী সপ্তাহে বদলির কথা রয়েছে।
যেসব লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি) বা খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজন, সেগুলোর জন্য প্রথমে বিজ্ঞপ্তি দেওয়া হয়। আগ্রহী কর্মকর্তারা অনলাইনে আবেদন করে পছন্দের কর্মস্থল উল্লেখ করেন। এরপর চাকরির মেয়াদ ও দাপ্তরিক রেকর্ডসহ নানা বিষয় যাচাই হয়। প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণদের ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করে পাঁচজন জেলা খাদ্য নিয়ন্ত্রক ও ১০ জন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের একটি কমিটি। মেধা ও যোগ্যতা, সততা, খাদ্য সংগ্রহ-বিতরণ-মজুতের অভিজ্ঞতা, ব্যবস্থাপনাগত দক্ষতা ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নম্বর দেওয়া হয়।
খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার নওহাটা খাদ্যগুদামে পদায়নের জন্য ৩১ কর্মকর্তা আবেদন করেছিলেন। প্রাথমিক মূল্যায়নে ২৪ জনকে বাদ দেওয়া হয়। ১০০ নম্বরের মধ্যে ৬৯ থেকে ৯২ পর্যন্ত নম্বর পাওয়া সাতজনকে মনোনীত করে ১ নভেম্বর লটারি হয়।
এ লটারির পর অভিযোগ উঠেছে, নওহাটায় দায়িত্ব পাওয়া একজন কর্মকর্তা পছন্দের কর্মস্থলে বদলি হতে একজন সংসদ সদস্যের মাধ্যমে তদবির করেছিলেন। অভিযোগ অনুযায়ী ওই কর্মকর্তা তদবির করার কথা স্বীকারও করেছেন। বঞ্চিতদের আরেকটি প্রশ্ন, নিয়ম অনুযায়ী একজন কর্মকর্তা টানা সর্বোচ্চ দুই বছর একটি খাদ্যগুদামে দায়িত্ব পালন করতে পারেন; এরপর অন্তত এক বছর অন্য দায়িত্বে থাকতে হয়। সেই হিসাবে ১৬ বছরের চাকরিজীবনে একজনের সাতটি গুদামের দায়িত্ব পাওয়ার কথা নয়।
লটারির আগেই বাদ পড়া চার কর্মকর্তা অভিযোগ করেছেন, আগের মতো এখনো বদলির একক ক্ষমতা আঞ্চলিক খাদ্য কর্মকর্তার হাতে। মূল্যায়ন কমিটির সদস্যদের তিনিই নিয়োগ দিয়েছেন এবং লটারিতে কার নাম উঠছে, তা মুখে ঘোষণা করা হলেও কে কত নম্বর পেয়েছেন তা জানানো হচ্ছে না। তবে খাদ্য বিভাগের বক্তব্য, পদায়নের ক্ষেত্রে কারও তদবিরে কাজ হয়নি; লটারির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতেই পদায়ন করা হয়েছে।