আবার কোনো হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার একটি নতুন ভূগর্ভস্থ "মিসাইল সিটি" উন্মোচনের দাবি করে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আব্দুল্লাহি বলেন, "শত্রু যদি আমাদের বিরুদ্ধে আরেকটি পদক্ষেপ নেয়, তবে আমাদের জবাব এই অঞ্চলের বাইরেও বিস্তৃত হবে।"
ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) প্রকাশিত ফুটেজে আব্দুল্লাহি ও আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভিকে ঘাঁটিটি পরিদর্শন করতে দেখা যায়। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ যান সারিবদ্ধভাবে সাজানো ছিল। ঘাঁটিটি একেবারে নতুন কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আব্দুল্লাহি বলেন, উন্নত ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে শত্রুদের চমকে দেবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কাতারের মধ্যস্থতা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল সানির বৈঠকের সময়েই এ প্রদর্শনী হলো।
উন্মুক্ত উৎসভিত্তিক বিশ্লেষকেরা ছবিগুলোতে বুস্টার ও ওয়ারহেডসহ ফাতাহ-১ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আলাদাভাবে রাখা ম্যানুভারিং রিএন্ট্রি ভেহিকল শনাক্ত করেছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞ তাল ইনবার জানান, সেখানে সাধারণ কনিক্যাল রিএন্ট্রি ভেহিকলযুক্ত কিছু পুরোনো ক্ষেপণাস্ত্রও ছিল।
ভূগর্ভস্থ ঘাঁটিতে বাণিজ্যিক ট্রাকও দেখা গেছে, যার পেছনে ক্ষেপণাস্ত্র বসানো। এতে ক্ষেপণাস্ত্রবাহী যানকে বেসামরিক ট্রাকের ছদ্মবেশে রাখা যায় এবং প্রয়োজনে পেছন থেকে উৎক্ষেপণের অবস্থানে তোলা যায়। বিশ্লেষকদের মতে, মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পরও ক্ষেপণাস্ত্র সক্ষমতা অটুট আছে—এটাই দেখাতে চাইছে তেহরান। অ্যারোস্পেস ফোর্সের আগের কমান্ডার আমির আলী হাজিজাদেহ ২০২৫ সালের সংঘাতে নিহত হন।