শাপলা চত্বর হত্যা মামলার অন্যতম অভিযুক্ত, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের আচরণ ভবিষ্যতে আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। অভিযুক্তের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিন ট্রাইব্যুনালে শাপলা চত্বর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। শুনানি শুরু হতে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, একজন আসামির জন্য অপেক্ষা করতে করতে দুপুর দুইটা থেকে আড়াইটার দিকে শুনানি শুরু করতে হয়েছে।
আমিনুল ইসলামের ভাষ্য অনুযায়ী, জিয়াউল আহসান প্রথমে জেলখানা থেকে আদালতে আসতে অস্বীকৃতি জানান এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন। রাষ্ট্রপক্ষ জেল কর্তৃপক্ষকে যেকোনো মূল্যে তাঁকে হাজির করার কড়া নির্দেশ দিয়েছিল। পরে বিশেষ পাহারায় তাঁকে আনা সম্ভব হলেও তিনি হাতকড়া পরতে আপত্তি জানান এবং পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। তাঁর অভিযোগ, কখনো খাওয়ার কথা বলে, কখনো ওয়াশরুমে যাওয়ার অজুহাতে দেরি করে তিনি আদালতে এসেছেন।
আদালতে হাজিরের বিষয়ে ট্রাইব্যুনাল কী সিদ্ধান্ত দিয়েছেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে জিয়াউল আহসান প্রচলিত নিয়মেই আদালতে আসবেন; অর্থাৎ জেল কর্তৃপক্ষ অন্য বন্দিদের যেভাবে আদালতে হাজির করে, সেভাবেই তাঁকে আনতে হবে।
তিনি জানান, জিয়াউল আহসান অন্য আসামিদের সঙ্গে একই গাড়িতে বা একসঙ্গে আসার দাবি তুলেছেন। রাষ্ট্রপক্ষ পরিষ্কার করে জানিয়েছে, এই দাবির পেছনে কোনো কুমতলব থাকতে পারে অথবা অন্য আসামিদের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। চিফ প্রসিকিউটরের মতে, তিনি শুরু থেকেই উশৃঙ্খল আচরণ করে আসছেন; পুলিশ ও কারা কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং আদালতে হাজির হয়েও নানাভাবে উচ্চবাচ্য করেন।
এ ধরনের পরিস্থিতি এড়াতে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন, জেল কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে যেভাবে প্রয়োজন সেভাবে তাঁকে হাজির করবে। অন্যথায় ভবিষ্যতে তাঁর অনুপস্থিতিতে ভার্চুয়ালি মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান চিফ প্রসিকিউটর।