বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, ১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন

৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চার ধাপে আবেদন করা যাবে; অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি থাকতে সম্মতি দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর থেকে। আবেদনের প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইটে (convocation.du.ac.bd) গিয়ে আবেদন করতে হবে।

আবেদনপ্রক্রিয়া মোট চারটি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রথম ধাপ শেষ করতে হবে। এরপর ২ ডিসেম্বর (বুধবার) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সমাবর্তনের পেমেন্ট সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৫৪তম সমাবর্তন আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি, মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক আতসুশি।

২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন। এ ছাড়া ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত যেসব ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সেগুলো এবার অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান উদ্‌যাপনে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন এবং উপকমিটিগুলোকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।