গাজীপুরে বেতন পরিশোধ না হওয়ায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ
বকেয়া বেতন দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে গতকাল মঙ্গলবার শ্রমিকদের বিক্ষোভের ঘটনা ঘটে। হানিওয়েল গার্মেন্টস লিঃ কারখানার শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মিতালী ক্লাব থেকে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশ-শ্রমিক সংঘর্ষে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বেতন না পেয়ে শ্রমিকরা আমবাগ এলাকায় অবস্থিত আরও একটি গার্মেন্টসে আন্দোলনে যুক্ত হতে গেলে পুলিশ বাধা দেয় এবং ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। শ্রমিকরা কারখানার আশেপাশে অবস্থান করতে থাকেন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আশরাফুজ্জামান বলেন, "আগস্ট মাসের বকেয়া বেতন শ্রমিকদের পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। অনতিবিলম্বে শ্রমিকের বকেয়া বেতন ভাতা পরিশোধ করে বন্ধ কারখানা খুলে দেওয়া হোক।"
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কোনাবাড়ীতে একটি কারখানার পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আঞ্চলিক সড়ক অবরোধ করে। ঘটনায় পুলিশের উপস্থিতি রয়েছে।
ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। তবে শ্রমিকদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।