দুবাইয়ে আজ টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে ভারত। অভিষেক শর্মা ও শুভমান গিলের উদ্বোধনী জুটিতে ৩৮ বলে আসে ৭৭ রান। সপ্তম ওভারে রিশাদ হোসেন গিলকে ফেরালেও ঝড়ো ব্যাটিং চালিয়ে যান অভিষেক। ২৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর রানআউটে বিদায় নেন তিনি। ৩৭ বলে ৭৫ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা।
মধ্য ওভারে কিছুটা ধাক্কা খেলেও হার্ডিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের জুটিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানে ইনিংস শেষ করে ভারত। বাংলাদেশের পক্ষে রিশাদ ২ উইকেট এবং মুস্তাফিজ, তানজিম ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন। এদিন মুস্তাফিজ তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫০তম উইকেট শিকার করে নতুন রেকর্ড গড়েন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান মাত্র ১ রানে বিদায় নিলে দায়িত্ব নেন সাইফ হাসান। পারভেজ হোসেন ইমনকে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৪২ রানের জুটি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো থামাতে পারেনি বাংলাদেশ। এক প্রান্ত আগলে লড়াই করা সাইফ ৫১ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেললেও কোনো সঙ্গী পাননি তিনি।
শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩ উইকেট নেন, বুমরাহ ও বরুন চক্রবর্তী পান ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৬৮/৬, ২০ ওভার (অভিষেক ৭৫, পান্ডিয়া ৩৮, রিশাদ ২/২৭)
বাংলাদেশ: ১২৭/১০, ১৯.৩ ওভার (সাইফ ৬৯, ইমন ২১, কুলদীপ ৩/১৮)
ফল: ভারত ৪১ রানে জয়ী।