সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাড়িতে আগুনের তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে, সংসদে বললেন নুসরাত তাবাসসুম; জবাবে মন্ত্রী: প্রভাবিত করার মতো বক্তব্য দিইনি

এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম কুষ্টিয়ায় নিজের বাড়িতে আগুনের ঘটনায় ‘পরিত্যক্ত বাড়ি’ ও ‘শর্ট সার্কিট’ বলে মন্তব্য নিয়ে আপত্তি তুলেছেন।

কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য চলমান তদন্তকে প্রভাবিত করতে পারে বলে সংসদে অভিযোগ করেছেন এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। গতকাল রোববার সংসদে এ অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি সংসদীয় রীতিনীতি মেনেই ওই মন্তব্য করেছেন এবং প্রভাবিত করার জন্য তাঁরা কোনো বক্তব্য দেন না।

গত বুধবার রাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। এর পরদিন বৃহস্পতিবার বিকেলে সংসদে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ঘটনাস্থলে পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, পুরোনো বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

রোববার নুসরাত বলেন, ঘটনায় তিনি ‘দুইবার আহত’ হয়েছেন। প্রথমবার বাড়িঘর পুড়ে যেতে দেখে, দ্বিতীয়বার সংসদে সহকর্মীদের কেউ কেউ তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন বলে। তাঁর দাবি, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, মধ্যরাতে আগুন লাগার সময় বিস্ফোরণের মতো আকাশ লাল হয়ে বাড়ি জ্বলে উঠছে এবং নারী ও শিশুরা দৌড়ে বেরিয়ে আসছেন, ধোঁয়ায় অসুস্থ হয়ে কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ছেন; অথচ তখনও দেয়ালের বৈদ্যুতিক বাতি জ্বলছিল।

তাঁর ভাষ্য, সংসদে পাঁচ-ছয়বার ‘পরিত্যক্ত’ শব্দটি উচ্চারণ করা হয়েছে। এ ধরনের বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম সরাসরি না নিয়ে তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কোনো দায়িত্বশীল ব্যক্তি ফলাফল নিয়ে চূড়ান্ত মন্তব্য করলে অধস্তনদের কর্তাব্যক্তিকে খুশি করার জন্য প্রতিবেদন তৈরির সম্ভাবনা থেকে যায়। নুসরাত বলেন, এমন কিছু ঘটবে বলছেন না, তবে সংসদে দাঁড়িয়ে তদন্ত চলাকালে যেসব কথা হয়েছে, তাতে সুষ্ঠু তদন্ত নিয়ে তিনি সন্দিহান।

নিজের পাওয়া হুমকির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, তাঁর বাড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছিল, একই ধরনে গতকাল সারা দিন গোপালগঞ্জ জ্বলেছে এবং সেখানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।