সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। মিরুকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শাহজাদপুর থানা পুলিশের প্রায় ৩০ সদস্যের একটি দল পৌর এলাকার নলুয়া মহল্লায় মিরুর বাসভবনে অভিযান চালায়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে গ্রামের কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেন এবং স্লোগান দেন। ভিড় বাড়তে থাকলে পুলিশ মিরুকে গ্রেপ্তার না করেই ফিরে যায়। রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশের ভাষ্য, তাদের গাড়ি মিরুর বাড়ি পর্যন্ত যাওয়ার মতো অবস্থা ছিল না; অনেকখানি পথ পায়ে হেঁটে যেতে হয়েছে। সেই সুযোগে তিনি বাড়ি থেকে পালিয়ে থাকতে পারেন বলে পুলিশ মনে করছে। পরে রাতভর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মিরু বাড়িতে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পাঠানো হয়েছিল। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করেছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছিল এবং আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
হালিমুল হক মিরু শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে একটি দৈনিকের স্থানীয় প্রতিনিধি নিহত হন। সেই হত্যা মামলার প্রধান আসামি হিসেবে মিরুর নাম রয়েছে বলে জানা গেছে।