জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং দেখতে গিয়ে জয়পুরহাটের কালাই উপজেলায় অনেক দর্শকের মুঠোফোন খোয়া গেছে। গতকাল শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘির পাড়ে এ ঘটনা ঘটে। চুরির সঙ্গে জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠানের শুটিং দেখতে সকাল থেকেই দর্শকেরা আসতে শুরু করেন। দিনভর ১০ থেকে ১২ হাজার মানুষের সমাগম হয়। সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর আগে নান্দাইল দীঘি কলেজের প্রবেশ ফটকে উপচে পড়া ভিড় হয়। অভিযোগ উঠেছে, এই ভিড়ের সুযোগে চোর ও পকেটমার চক্রের সদস্যরা দর্শকদের পকেট ও ব্যাগ থেকে মুঠোফোন চুরি করেন।
অনুষ্ঠান শেষে মুঠোফোন হারানো ১০ জন দর্শকের সঙ্গে কথা বলা হলে তাঁরা একই অভিজ্ঞতার কথা জানান। দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে আসা সরোয়ার জাহান বলেন, সন্ধ্যার দিকে লাইনে দাঁড়িয়ে ফটক দিয়ে ঢোকার পর তিনি দেখেন পকেটে তাঁর মোবাইল নেই।
অনুষ্ঠানের নিরাপত্তায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় আড়াই শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট স্বেচ্ছাসেবক ও ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবকও নিরাপত্তার কাজে ছিলেন। এত নিরাপত্তার মধ্যেও মুঠোফোন চুরির অভিযোগ পাওয়া গেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, অনুষ্ঠান দেখতে এসে অনেকের মুঠোফোন খোয়া গেছে। তবে কতগুলো মুঠোফোন চুরি হয়েছে, তার সঠিক সংখ্যা জানা যায়নি। ভুক্তভোগীদের থানায় আসতে বলা হয়েছে। চুরির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে, তবে তাঁর কাছে কোনো মুঠোফোন পাওয়া যায়নি বলে জানান তিনি।