দেশে আরও একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপিত হচ্ছে। রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজারসংলগ্ন এলাকায় সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি অনুমোদন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ মঞ্জুরির কথা জানানো হয়। প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে। প্রজ্ঞাপনে তাঁদের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বর্তমানে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে। ওই হাসপাতালের একজন কর্মকর্তা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঞ্জুরি অনুমোদন হওয়ায় এখন কলেজ স্থাপনের পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে। প্রাথমিক পর্যায়ে সরকারি কর্মচারী হাসপাতালেই মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু হবে। পরে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে কলেজের নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলা হবে।
দেশে বর্তমানে ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। নতুন এ কলেজ চালু হলে সরকারি পর্যায়ে চিকিৎসা শিক্ষার আসন বাড়বে বলে আশা করা হচ্ছে। কবে নাগাদ শিক্ষার্থী ভর্তি শুরু হতে পারে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।