হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। বড় সংগ্রহ গড়েও শ্রীলঙ্কার কাছে এক উইকেটে হেরে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে পরাজিত হলো সাব্বির রহমান ও সোহানদের দল।
টস জিতে আগে ফিল্ডিং বেছে নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে ওপেনার হাবিবুর রহমান সোহান ও সাব্বির রহমান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। তাঁদের উদ্বোধনী জুটিতেই আসে ৯৫ রান। সাব্বির ১২ বলে একটি চার ও পাঁচটি ছক্কায় ৩৯ রান করে আউট হন। সোহান ১৪ বলে দুটি চার ও সাতটি ছক্কায় ৫৩ রান করে নিয়ম অনুযায়ী মাঠ ছাড়েন।
স্কটল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের মতো এবারও রিটায়ার্ড আউট হওয়া সোহানকে পরে আবার মাঠে নামানো হয়। শেষ পর্যন্ত তিনি ১৫ বলে অপরাজিত ৫৭ রান করেন। মৃত্যুঞ্জয় চৌধুরী ৩ বলে ১৪ রানের কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত ছয় ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ১২৭ রানের সংগ্রহ দাঁড় করায়।
তবে বোলারদের ব্যর্থতা আর শ্রীলঙ্কার আগ্রাসী ব্যাটিংয়ের সামনে সেই সংগ্রহ যথেষ্ট হয়নি। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চড়াও হয় শ্রীলঙ্কা। ব্যাটার ভিশেন হালাম্বেজ ফিফটি করে একবার মাঠ ছাড়লেও দলকে জয়ের পথে রাখেন। শেষ পর্যন্ত এক উইকেটের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ইতিহাসে এটি দ্বিতীয় সফল রান তাড়ায় জয়ের রেকর্ড।
এর আগে একই দিনে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়াই করে ৯৪ রান করেও হেরেছিল বাংলাদেশ। ফলে গ্রুপ পর্বের শুরুতে দুই ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেল দল।