পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ইউনিয়নের একটি বিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে বিলে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে আটজন বিলের একটি টংঘরে আশ্রয় নেন। সে সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। বাকি দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, বজ্রপাতের পর হতাহত ব্যক্তিরা বেশ কিছুক্ষণ টংঘরেই পড়ে ছিলেন। সন্ধ্যার দিকে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারেন। পরে তাঁরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ছয়জনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় অবস্থিত; সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধারের কাজ চলছে। পাবনার পুলিশ সুপার বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
নিহত ও আহতদের পরিচয় প্রকাশের সময় পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।