বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্তে ইয়াবার একটি চালান লুটকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. শাহজাহান। তিনি নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের মো. ইলিয়াসের ছেলে। গোলাগুলির সময় শামশুল আলম (৪০) নামের আরও একজন গুলিবিদ্ধ হন। পুলিশ জানিয়েছে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ দুজনকে প্রথমে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক শনিবার রাত সাড়ে ১০টায় বলেন, মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি পথ দিয়ে ইয়াবার একটি বড় চালান আনার সময় আরেকটি গোষ্ঠী চালানটি লুট করতে যায়। তখন দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। তিনি জানান, ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আটজনের একটি দল মিয়ানমার থেকে ইয়াবার চালানটি আনছিল। তারা ৪৮ নম্বর পিলারের পাশের ফুলারঝিরি এলাকায় পৌঁছালে ১২ জনের একটি সশস্ত্র দল তাদের পথ আটকে চালান লুটের চেষ্টা করে। গোলাগুলির পর সশস্ত্র দলটি চালানটি লুট করে নিয়ে যায়।
ওসি মোজাম্মেল হক বলেন, গোলাগুলিতে জড়িত দুটি পক্ষই মাদক পাচারের কারবারে যুক্ত এবং তারা ভারী অস্ত্র নিয়ে পাচারকাজ চালায়। মাদক কারবারিদের কয়েকজন মূল হোতাকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। ইয়াবা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে সীমান্তের দুর্গম পাহাড়ে অভিযান চালানো পুলিশের জন্য নিরাপদ নয় বলেও তিনি জানান।