মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বদলগাছীতে রাজমিস্ত্রিকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, অভিযোগের ছয় ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দুই তরুণ

নওগাঁর বদলগাছীতে মারধর করে মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁর বদলগাছীতে এক রাজমিস্ত্রিকে মারধর করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধারসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন জাবারীপুর গ্রামের মিঠুনের ছেলে মো. সিয়াম (১৮) ও হাটশাপিলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত। তাঁদের মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী হুমায়ুন কবির আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রি। সোমবার বিকেলে পাহাড়পুরে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চারা গাছ কিনতে তিনি জাবারীপুর হাটে থামেন। সেখানে সিয়াম ও রহিতের সঙ্গে তাঁর পরিচয় হয়।

অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন অজুহাতে তাঁকে হাটশাপিলা গ্রামের বসাকপাড়ায় কেওরাতলা মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই আরও চার-পাঁচজন ওত পেতে ছিলেন। তাঁরা লাঠিসোঁটা দিয়ে হুমায়ুন কবিরের হাত-পায়ে মারধর করেন এবং তাঁর মোটরসাইকেল ও পকেটে থাকা ৯০০ টাকা ছিনিয়ে নেন। এ সময় মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকাও দাবি করা হয়।

হুমায়ুন কবির টাকা এনে দেওয়ার কথা বলে কৌশলে পালিয়ে স্থানীয় একটি বাজারে গিয়ে চিৎকার শুরু করেন। লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং দ্রুত মোটরসাইকেল উদ্ধার করে দুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে; জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।