শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ২ ডিসেম্বর ও গাইবান্ধায় ৫ ডিসেম্বর কৃষক কার্ডে সহায়তা, প্রায় ৫ লাখ কৃষকের জন্য বরাদ্দ ১০১ কোটি ৬৪ লাখ টাকা

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা প্রাথমিকভাবে বছরে ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা পাবেন।

কৃষক কার্ড কর্মসূচির আওতায় আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় কৃষি উপকরণ সহায়তা পাবেন প্রায় ৫ লাখ কৃষক। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত অনুষ্ঠানে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্ড বিতরণে সোনালী ব্যাংক পিএলসি সংশ্লিষ্ট থাকবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ ডিসেম্বরের কর্মসূচিতে খুলনা ও ঢাকা বিভাগের সংশ্লিষ্ট এলাকার ২ লাখ ৮৯ হাজার ২৫৩ জন কৃষক সহায়তার আওতায় আছেন। এর মধ্যে খুলনা বিভাগের ১০টি উপজেলায় ১ লাখ ৪০ হাজার ৫৯৭ জন এবং ঢাকা বিভাগের ১৩টি উপজেলায় ১ লাখ ৫২ হাজার ২২০ জন কৃষক রয়েছেন। আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাব আছে ২ লাখ ৬৮ হাজার ৮৩৬ জনের। প্রতিজন ২ হাজার ৫০০ টাকা হারে এই কর্মসূচিতে মোট ৬৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা সহায়তা নির্ধারণ করা হয়েছে।

৫ ডিসেম্বরের গাইবান্ধার কর্মসূচিতে রংপুর বিভাগের আটটি উপজেলার ৫০টি কৃষি ব্লকের ১ লাখ ৫৪ হাজার ২৩১ জন কৃষক সহায়তার আওতায় আছেন। তাঁদের মধ্যে যাচাই করা ব্যাংক হিসাব আছে ১ লাখ ৩৭ হাজার ৭৫৫ জনের; এই কর্মসূচিতে মোট ৩৪ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দুই কর্মসূচি মিলিয়ে সহায়তার আওতায় আছেন প্রায় ৫ লাখ কৃষক, যাচাই করা ব্যাংক হিসাব ৪ লাখ ৬ হাজার ৫৯১টি এবং মোট অর্থের পরিমাণ ১০১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তথ্য হালনাগাদ হওয়ার সঙ্গে কৃষকের সংখ্যা ও অর্থের অঙ্ক বাড়বে। অনুষ্ঠানের জন্য কুষ্টিয়া সদর উপজেলার একটি কৃষি ব্লকে ২ হাজার ৮৫০ জন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকে ১ হাজার ৯৯০ জন কৃষকের হাতে কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের ২৬ নভেম্বরের সারসংক্ষেপ অনুযায়ী, দেশজুড়ে ২৬ দশমিক ৯৮ লাখ কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং কমিটির অনুমোদন পেয়েছেন ১৯ দশমিক ০২ লাখ কৃষক। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রকৃত কৃষক শনাক্তকরণ, ব্যাংক হিসাব যাচাই ও তথ্যভিত্তিক নিবন্ধনের মাধ্যমে সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।