শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ডলারের পোশাকের ক্রয়াদেশ সরেছে, বড় অংশ গেছে ভারতে

শিল্পনেতারা বলছেন, শ্রমিক অসন্তোষ, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তায় উৎপাদন ব্যয় ও প্রতিযোগিতা সক্ষমতায় চাপ পড়েছে।

বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ নেওয়া কমিয়ে দিচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো। আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনের বরাতে জানা যাচ্ছে, চলতি নভেম্বরের প্রথমার্ধে মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্য উৎপাদন কেন্দ্রে সরিয়ে নিয়েছে তারা।

প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নিয়েছে, যার বড় অংশই গেছে প্রতিবেশী ভারতে। ক্রেতারা সরবরাহ চেইনের ঝুঁকি কমাতে এবং সময়মতো পণ্য পাওয়া নিশ্চিত করতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন বলে শিল্পনেতারা জানিয়েছেন। তাঁদের ভাষ্য, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তা স্বল্প ব্যয়ে উৎপাদনের সুবিধাকে দুর্বল করেছে।

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যমতে, সাম্প্রতিক বিক্ষোভে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কারখানা মালিক জানান, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্ক নষ্টের আশঙ্কায় তাঁরা পরিচয় দিতে চান না; তাঁদের দাবি, ক্রয়াদেশের সিংহভাগ পেয়েছে ভারত।

গত বুধবার সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়। ন্যূনতম মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে শনিবার থেকে সব শ্রমিকের কাজে ফেরার আশা প্রকাশ করেছেন। শিল্পনেতাদের মতে, এতে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের সুবিধা আরও সংকুচিত হবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাক শিল্পের মানদণ্ডে এই মজুরি এখনো অনেক কম।

জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এ বিষয়ে প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে। এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে; এর মধ্যে গোকলদাস এক্সপোর্টসের শেয়ার ১১ শতাংশ পর্যন্ত এবং ট্রাইডেন্টের প্রায় ৫ শতাংশ বেড়েছে।