মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

পলি জমে নাব্য হারাচ্ছে ভৈরব নদ, নওয়াপাড়া নৌবন্দরে ব্যাহত নৌযান চলাচল ও বাণিজ্য

যশোরের অভয়নগরে ভাটার সময় কার্গোসহ বড় নৌযান চলাচলে ভোগান্তি; খনন চলছে বলে জানিয়েছে নৌপরিবহন কর্তৃপক্ষ।

যশোরের অভয়নগরে বন্দরনগরী নওয়াপাড়ার প্রাণ ভৈরব নদ ক্রমেই নাব্য হারাচ্ছে। নদে পলি জমে বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় পণ্যবাহী নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও জাহাজের তলদেশ চরে আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, নৌযান মালিক ও শ্রমিকেরা।

সরেজমিনে দেখা যায়, নওয়াপাড়া নৌবন্দর এলাকায় ভৈরব নদের বিভিন্ন অংশে পানির গভীরতা কমে গেছে। তলদেশে পলি জমে কোথাও কোথাও চর জেগেছে। বিশেষ করে ভাটার সময় পণ্যবাহী কার্গো ও বড় নৌযান চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। জোয়ারের অপেক্ষায় নৌযানগুলোকে দীর্ঘ সময় থামিয়ে রাখতে হচ্ছে। এতে পণ্য পরিবহনে সময় ও অর্থ—দুটোই বেশি লাগছে।

স্থানীয় ব্যবসায়ী মনিরুজ্জামান বলেন, নাব্য সংকটের কারণে পণ্যবাহী জাহাজ থেকে মালামাল ওঠানামা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় জাহাজ কাঙ্ক্ষিত ঘাটে ভিড়তে পারছে না। তাঁদের অভিযোগ, খননের উদ্যোগ নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। নিয়মিত খনন, সঠিক পরিকল্পনা ও তদারকি জরুরি বলে মনে করেন তিনি।

বন্দর ব্যবহারকারী ফারুক হোসেন বলেন, নাব্য সংকট নিয়ে বারবার আলোচনা হলেও দৃশ্যমান ও টেকসই সমাধান মিলছে না। আরেক ব্যবসায়ী এটিএম তারিকুল ইসলাম দ্রুত নদের প্রকৃত অবস্থা পর্যালোচনা করে পরিকল্পিত খননের পাশাপাশি দখল ও দূষণ বন্ধের দাবি জানান। তাঁর মতে, ভৈরব নদ রক্ষা পেলে নওয়াপাড়ার শিল্প-বাণিজ্য ও হাজারো মানুষের জীবিকা রক্ষা পাবে।

নদীবন্দর সংশ্লিষ্টরা মনে করেন, বন্দরের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় নাব্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। নদের স্বাভাবিক প্রবাহ ফেরানো, অবৈধ দখল ও স্থাপনা সরানো এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ খনন নিশ্চিত না হলে ভবিষ্যতে বন্দরের কার্যক্রম আরও সংকুচিত হতে পারে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপসহকারী মাসুদ রানা বলেন, নদ খননের কাজ চলছে। তবে একসঙ্গে সব জায়গায় কাজ করা সম্ভব হচ্ছে না।