শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন ১৮ বছর বয়সী পেসার মেহেদী হাসান হৃদয়

চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলে খেলা মেহেদী হাসান হৃদয় ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন কয়েক মাস আগে; আজ দুপুরে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন তিনি।

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়। চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলে খেলা ১৮ বছর বয়সী এই ক্রিকেটার আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।

একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছিলেন হৃদয়। কিন্তু কয়েক মাস আগে ব্লাড ক্যানসার ধরা পড়ায় তাঁর জীবন বদলে যায়। হৃদয়ের মামা মাপেল হোসেন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যানসারে আক্রান্ত হৃদয়কে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর সাহায্যে এগিয়ে এসেছিল। এরপর থেকে চিকিৎসা ঠিকঠাক চলছিল। তিনটি কেমোর পর হৃদয় কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন, তবে চতুর্থ কেমো দেওয়ার পর তাঁর শরীর খারাপ হতে থাকে।

ফেনীর বিসিবি কাউন্সিলর শরীফুল ইসলাম জানান, শরীরের কিছুটা উন্নতি হওয়ায় পূজার ছুটির সময় হৃদয়কে গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। আজ সকালে তাঁর শরীর খারাপ হলে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার পথে তিনি মারা যান। আজ বাদ এশা ফেনীতে হৃদয়ের জানাজা অনুষ্ঠিত হবে।