রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নাহিদকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
ওসি আরও বলেন, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বা আদালতে হাজির করা হবে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আপাতত বিস্তারিত জানানো হয়নি। মামলাগুলোয় তিনি অভিযুক্ত মাত্র; এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর তিনি এই দায়িত্ব পালন করেন।
সাম্প্রতিক দিনগুলোয় নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এর মধ্যে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান ও গ্রেপ্তার চলছে।