দেশের কয়েকটি জেলায় বুধবার সন্ধ্যা ও রাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিত্যক্ত বাড়ি এবং দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও বাড়ির ফটকে আগুন জ্বালানো হয়েছে, কোথাও ভাঙচুরের খবরও পাওয়া গেছে।
চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ওই বাসায় আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছিল। চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, এ বিষয়ে তাঁরা কোনো খবর পাননি। রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ গ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জে প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে শহরের জামতলা এলাকায় ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী মশালমিছিল নিয়ে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ির সামনে যান। তাঁরা শামীম ওসমানের ফাঁসির দাবিতে স্লোগান দেন, ফটকের সামনে আগুন জ্বালান এবং ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করেন। মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রিফাত হোসেন বলেন, শামীম ওসমান ও তাঁর অনুসারীরা যেন নাশকতা করতে না পারেন, সেই বার্তা দিতেই ফটকে আগুন দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটি পরিত্যক্ত। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, বিষয়টি তাঁর জানা নেই, খোঁজখবর নেওয়া হচ্ছে।
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বুধবার বিকেলে সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।