পর্যটন নগরী কক্সবাজারের বিমানবন্দর থেকে চলতি নভেম্বর মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দিয়ে সরকারের এ উদ্যোগের কথা জানিয়েছেন।
প্রথম পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কক্সবাজার-মাসকাট রুটে এবং এয়ারএশিয়া কক্সবাজার-পেনাং রুটে ফ্লাইট পরিচালনা করবে। দুবাই, ব্যাংকক, ফুকেট ও ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালাতেও আগ্রহ দেখিয়েছে আরও কয়েকটি এয়ারলাইনস। ফ্লাই দুবাইয়ের পরিকল্পনা দুবাই-ব্যাংকক-কক্সবাজার রুটে ফ্লাইট চালানোর, পরে ফুকেট রুটও যুক্ত হতে পারে। এয়ার অ্যাস্ট্রা ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালাতে চায়। তবে ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, এ বিষয়ে আরও পর্যালোচনা প্রয়োজন।
গত ১২ অক্টোবর মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় প্রস্তুতির বিষয়টি বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন যাত্রী টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে এবং রানওয়ে মেরামতের কাজও শেষ হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য অফিসের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (এটিএম) মো. নূর-ই আলম বলেন, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটির আন্তর্জাতিক কার্যক্রম উদ্বোধন করবেন; তিনি সময় দিলেই কার্যক্রম শুরু হবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক সভায় জানান, নভেম্বর থেকেই ঢাকা-কক্সবাজার-মাসকাট রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা আছে; প্রাথমিকভাবে একটি ফ্লাইট দিয়ে শুরু হবে। এতে কক্সবাজার থেকেই মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাতায়াতের সুযোগ তৈরি হবে। এয়ারএশিয়ার পেনাং রুট চালু হলে মালয়েশিয়ার সঙ্গে কক্সবাজারের সরাসরি আকাশপথে যোগাযোগ গড়ে উঠবে।
এয়ারপোর্ট অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির প্রতিনিধি বলেছেন, দেশি-বিদেশি পর্যটক ও এয়ারলাইনসকে আকৃষ্ট করতে হোটেল ও বিমানভাড়ার সমন্বয়ে বিশেষ প্যাকেজ ও ছাড় দেওয়া দরকার। তবে নিয়মিত ফ্লাইট পরিচালনা, প্রতিযোগিতামূলক ভাড়া ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।