বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মোস্তাফিজের জোড়া উইকেটে আইএলটি-টোয়েন্টিতে প্রথম জয় পেল দুবাই ক্যাপিটালস

ডেজার্ট ভাইপার্সকে ৪৫ রানে হারিয়েছে দুবাই; ২.৫ ওভারে ১২ রানে দুই উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার।

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) প্রথম জয়ের দেখা পেয়েছে দুবাই ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সকে ৪৫ রানে হারিয়েছে দলটি। বল হাতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ২.৫ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। টুর্নামেন্টে নিজের শুরুর ম্যাচে তিনি কোনো উইকেট পাননি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান তোলে দুবাই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক স্যাম বিলিংস; ৩১ বলের ইনিংসে তাঁর চারটি চার ও একটি ছক্কা ছিল। রভম্যান পাওয়েল ১২ বলে ২৮ রান করে ইনিংসের গতি বাড়ান। ভাইপার্সের হয়ে তিনটি উইকেট নেন খুজাইমা তানভীর।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভাইপার্স। আফগান স্পিনার নূর আহমেদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় দলটি। বেশির ভাগ ব্যাটার ২০ রানও করতে পারেননি। সর্বোচ্চ ২৭ রান আসে আন্দ্রিস গাউসের ব্যাট থেকে, ৩০ বলে। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় ভাইপার্স।

ইনিংসের পঞ্চম ওভারে মোস্তাফিজকে আক্রমণে আনা হয়। নিজের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার ফখর জামানকে ফেরান তিনি। তৃতীয় ওভারে মুজিব উর রহমানকে আউট করে দ্বিতীয় উইকেট পূর্ণ করেন। মোস্তাফিজের দুই উইকেটের পাশাপাশি নূর আহমেদ ২০ রানে চার উইকেট নেন এবং ম্যাচসেরা হন।