দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ভর্তির জন্য এবারও একই দিনে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ওয়েবসাইটে ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৬-২০২৭’ প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী, পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর। টানা দ্বিতীয়বার একই দিনে ও অভিন্ন প্রশ্নে এই পরীক্ষা হচ্ছে।
ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ ও ইংরেজিতে পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজিতে প্রশ্নপত্র করা হবে। লিখিত পরীক্ষা হবে ১০০টি প্রশ্নে, প্রতিটির মান ১ নম্বর; এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী মোট ১০০ নম্বর। নম্বরবণ্টনে পদার্থে ১৫, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট।
প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।
আবেদনের যোগ্যতায় সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আগের বছরের মতোই এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে ৮.৫০ এবং জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ গ্রেড পয়েন্ট রাখা হয়েছে। এইচএসসিতে রসায়ন ও পদার্থবিজ্ঞান থাকা বাধ্যতামূলক। তবে বিদেশি ও পশ্চাৎপদ শিক্ষার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে।
পশ্চাৎপদ জনগোষ্ঠী, অর্থাৎ সব উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের জন্য দুই পরীক্ষায় মোট ন্যূনতম জিপিএ ৮.০০ এবং জীববিজ্ঞানে ৩.০০ গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। গত বছর এ ক্ষেত্রে জীববিজ্ঞানে ৩.৫০ এবং দুই পরীক্ষার কোনোটিতে এককভাবে ৩.৫০-এর কম থাকলে অযোগ্যতার শর্ত ছিল; এবার সেই শর্ত রাখা হয়নি। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে বিদেশি শিক্ষার্থীদের জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৬.০০ এবং জীববিজ্ঞানে ৩.৫০ থাকতে হবে।