আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনের এই সংলাপ শুরু হচ্ছে রোববার (২৯ নভেম্বর) থেকে। প্রথম দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর শরিক দলগুলো বাদে ১৫টি দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।
শনিবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান। তিনি বলেন, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রোববারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। ফলে ১৫টি দলের সঙ্গে সংলাপ হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মতবিনিময়ের কথা রয়েছে।
ইসি আগে জানিয়েছিল, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর—এই তিন দিন সংলাপ হবে। প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রোববার যেসব দলের সঙ্গে সংলাপ হবে, তার মধ্যে রয়েছে জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, সিপিবি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জেএসডি, বাসদ, জাকের পার্টি, বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, এনপিপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
সোমবার (৩০ নভেম্বর) বিএনপিসহ ১৯টি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি দলের সঙ্গে মতবিনিময়ের কথা বলা হয়েছে। তৃতীয় দিন ১ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর শরিক দলসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৫৯টি। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত; তাই দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও ডাকেনি ইসি।
ইসির ঘোষিত সূচি অনুযায়ী, ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।