বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ধর্ষণ বাদে রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার হবে: সংসদে আইনমন্ত্রী, এ পর্যন্ত বাতিল ২৪ হাজার ১৩টি মামলা

সংসদে প্রশ্নোত্তরে আইনমন্ত্রী বলেছেন, যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হলে হত্যা মামলাও রাজনৈতিক হয়রানির প্রকৃতির হলে প্রত্যাহার করা হবে; এ জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় হওয়া ধর্ষণ মামলা বাদে হত্যাসহ যেকোনো মামলা রাজনৈতিক প্রকৃতির হলে তা প্রত্যাহার করা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। যাঁদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে, তাঁদের নির্ধারিত ছকে প্রত্যাহারের আবেদন করার আহ্বানও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। ফারুক তাঁর প্রশ্নে বলেন, বিগত সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ৮৬টি মামলা হয়েছিল এবং বিরোধীদলীয় চিফ হুইপ থাকাকালে একই দিনে ৬৪টি জেলায় মামলা করা হয়েছিল। এসব মামলা প্রত্যাহার হয়নি বলে জানিয়ে তিনি মামলা প্রত্যাহারের বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপনের দাবি করেন।

জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়ের হওয়ার সময় কোনো মামলার গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না। তাই ভুক্তভোগী রাজনৈতিক নেতা-কর্মীদের প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন করা হলে যথাযথ প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করা হবে। তিনি বলেন, ধর্ষণ মামলা বাদে হত্যা মামলা হলেও সেটি রাজনৈতিক প্রকৃতির হলে এবং সরকারের যাচাইয়ের মধ্য দিয়ে এলে প্রত্যাহার করা হবে; এ বিষয়ে ‘ইফস অ্যান্ড বাটসের সুযোগ নেই’।

আইনমন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি; কোনো অনুকম্পা না নিয়ে আদালতের মাধ্যমে তাঁদের মামলা নিষ্পত্তি করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নিয়ে তা আরও গতিশীল করতে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিগুলো আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি ও পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে দেখে—মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে হয়েছে কি না, জনস্বার্থে তা চালানোর প্রয়োজন আছে কি না এবং চলতে থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা আছে কি না। এরপর তারা প্রত্যাহারের সুপারিশ করে। জেলা কমিটির সুপারিশ যাচাই করে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা ২৪ হাজার ১৩টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও তিনি জানান।