বাকেরগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে এক যুবলীগ নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় মো: নাজমুল আলম বজলু (৪৬) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকি ১৮ জন আসামি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো: এনামুল হক সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইনে মামলাটি করেন। পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী অনলাইন ও অফলাইনে যোগাযোগের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ড, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।
এই তথ্যের ভিত্তিতে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে। এরপর বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকার নাজমুল আলম বজলুর বসতঘরে কয়েকজন নেতাকর্মী সমবেত হলে রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পুলিশ ভোর আনুমানিক ৪টা ৫ মিনিটে নাজমুল আলম বজলুকে আটক করতে সক্ষম হলেও অন্যেরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে নাজমুল আলম বজলুকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও যুবলীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার অপর আসামিদের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।
পুলিশের দাবি অনুযায়ী, গ্রেফতারকৃত নাজমুল আলম বজলুকে জিজ্ঞাসাবাদে অন্য আসামিদের নাম-ঠিকানা পাওয়া যায়। তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সচল করা এবং ঝটিকা মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছিলেন। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আদিল হোসেন একজনের গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত নাজমুল আলম বজলুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মো: আদিল হোসেন আরও জানিয়েছেন যে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।