নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি মাদ্রাসার বটগাছের মাথায় উঠে আটকে পড়া ১৩ বছর বয়সী এক কিশোরকে নিরাপদে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাঁশিলা মাদ্রাসার বটগাছে এ ঘটনা ঘটে।
কিশোরটি নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল এলাকার বাসিন্দা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সে ভারসাম্যহীন। ঘটনা সূত্রে জানা যায়, কিশোরটি নানা-নানির সঙ্গে থাকত। সকালে তাকে খুঁজে না পেয়ে তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, বাঁশিলা এলাকার মাদ্রাসার বটগাছের মাথায় উঠে বসে আছে সে।
এরপর দ্রুত নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কিশোরকে নিচে নামিয়ে আনতে গাছের নিচে নেট বিছিয়ে এবং বিস্কুটসহ নানাভাবে চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদে নামাতে সক্ষম হন।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মোস্তফার নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। উদ্ধারের পর কিশোরটিকে তার নানা-নানির হাতে তুলে দেওয়া হয়। তাকে নিরাপদে ফিরে পেয়ে স্বজনেরা স্বস্তি প্রকাশ করেন।