বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দেশের সাড়ে ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক এখনো আনুষ্ঠানিক আর্থিক সেবার বাইরে

বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি প্রতিবেদন ২০২৫ অনুযায়ী প্রাপ্তবয়স্কদের ৬৪.৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় এসেছে।

দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩৫ দশমিক ৫ শতাংশ এখনো আনুষ্ঠানিক আর্থিক সেবার বাইরে রয়েছে। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট বাংলাদেশ ২০২৫’ অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের ৬৪ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এসেছে।

ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি ২০২১–২০২৬ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে তৈরি প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশে ব্যাংক হিসাব ২০ কোটি ৮ লাখ ৬৬ হাজার ৯৫৫টি এবং মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাব ২৫ কোটি ২ লাখ ৪০ হাজার। তবে একজনের একাধিক হিসাব থাকায় এ সংখ্যা দিয়ে প্রকৃত অন্তর্ভুক্ত মানুষের সংখ্যা নির্ধারণ করা যায় না।

এজেন্ট ব্যাংকিংয়ের ২০ হাজার ৫০১টি আউটলেটের ১৭ হাজার ৫২৭টিই গ্রামে। ক্ষুদ্রঋণ খাতে ৬৭৭টি প্রতিষ্ঠান ২৭ হাজার ৭২০টি শাখার মাধ্যমে ৪ কোটি ৫৯ লাখের বেশি হিসাব পরিচালনা করছে।

২০২৫ সালে এমএফএসে লেনদেনের সংখ্যা ৩১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯৫৭ কোটি ৭৭ লাখে পৌঁছেছে; লেনদেনের মূল্য ১৭ লাখ ৩৮ হাজার ৩০০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ২১ লাখ ৮৩ হাজার ১০০ কোটি টাকা। তবে এমএফএসের মাধ্যমে সরকারি ভাতা ও সামাজিক নিরাপত্তার অর্থ বিতরণ ৫ দশমিক ৩৬ শতাংশ কমেছে।

নারীদের ক্ষেত্রে ব্যবধান রয়ে গেছে। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে ব্যাংকে নারীদের আমানত হিসাব প্রায় ৬ কোটি ৪১ লাখ, যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ বেশি; কিন্তু মোট ঋণগ্রহীতার মধ্যে নারী মাত্র ১৮ দশমিক ৬ শতাংশ। সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তারা পেয়েছেন ৫ হাজার ২৮০ কোটি টাকা, যা মোট বিতরণের ৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ক্ষুদ্রঋণ খাতের আমানত ও ঋণ হিসাবের প্রায় ৯১ শতাংশই নারীদের।