শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রাজশাহী বিভাগে পাঁচ বছরে যক্ষ্মা শনাক্ত বেড়েছে প্রায় ৩৪ শতাংশ, স্বাস্থ্য সহকারীর অর্ধেকের বেশি পদ শূন্য

২০২১ থেকে ২০২৫ সালে শনাক্ত রোগী ২৭ হাজার ৯৫৪ থেকে বেড়ে ৩৫ হাজার ৯৬২; জনবল সংকট ও অর্থায়ন বন্ধে ল্যাবসেবা চাপে।

রাজশাহী বিভাগে যক্ষ্মা পরিস্থিতি নীরবে উদ্বেগজনক রূপ নিচ্ছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে এই বিভাগে যক্ষ্মা রোগী শনাক্তের হার প্রায় ৩৪ শতাংশ বেড়েছে। ডায়াগনস্টিক কিট, জিন এক্সপার্ট কিট ও এক্স-রে ফিল্মের সংকট এখন কমলেও স্বাস্থ্য সহকারী ও ল্যাব প্রযুক্তিবিদের ব্যাপক শূন্যতা এবং প্রকল্প-জটিলতায় চিকিৎসাসেবা ঝুঁকিতে পড়েছে।

কর্মসূচির তথ্য বলছে, রাজশাহী বিভাগে ২০২১ সালে প্রতি এক লাখ জনসংখ্যায় ১৩৫ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছিল, ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ১৮১ জন। শনাক্ত রোগীর সংখ্যা ২০২১ সালে ছিল ২৭ হাজার ৯৫৪, ২০২৩ সালে ২৯ হাজার ৮০৬, ২০২৪ সালে ৩৪ হাজার ৩৫ এবং ২০২৫ সালে ৩৫ হাজার ৯৬২। ২০২৫ সালে শনাক্ত মোট রোগীর মধ্যে ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত ২৩ হাজার ২৩৪ জন, যা প্রায় ৬৫ শতাংশ।

জিন এক্সপার্ট পরীক্ষার তথ্যে ২০২৫ সালে বগুড়ায় ৪৭ হাজার পরীক্ষায় ৪ হাজার ৪৪৮ জন (৯.৪৯ শতাংশ), সিরাজগঞ্জে ৩৯ হাজার ১১২টি পরীক্ষায় ৩ হাজার ৫২৩ জন (৯.০১ শতাংশ), রাজশাহীতে ৪৬ হাজার ৪৯৪টি পরীক্ষায় ৪ হাজার ১৩ জন (৮.৬৩ শতাংশ), নাটোরে ২৫ হাজার ৩৬০টি পরীক্ষায় ২ হাজার ২৩৮ জন (৮.৮২ শতাংশ), নওগাঁয় ৩২ হাজার ৬১৮টি পরীক্ষায় ২ হাজার ৩৬১ জন (৭.২৪ শতাংশ) এবং পাবনায় ৩১ হাজার ৪৭২টি পরীক্ষায় ২ হাজার ১০২ জন (৬.৬৮ শতাংশ) রোগী পাওয়া গেছে। এই হিসাবে বগুড়া ও রাজশাহী জেলার চিত্র সবচেয়ে উদ্বেগজনক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ৩৫ হাজার ৯৬২ জন নতুন রোগী চিকিৎসার আওতায় আসেন এবং সাধারণ যক্ষ্মায় চিকিৎসার সাফল্যের হার ৯৩.৫ শতাংশ। তবে ওষুধ-প্রতিরোধী যক্ষ্মা নিয়ে উদ্বেগ বেশি। গত বছর শনাক্ত ১৪০ জন রোগীর মধ্যে ১২৩ জন সুস্থতার পর্যায়ে পৌঁছেছেন, সাতজন মারা গেছেন, পাঁচজন চিকিৎসা থেকে ঝরে পড়েছেন এবং দুজন চিকিৎসা নিচ্ছেন। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে বিভাগে এই ধরনের যক্ষ্মায় ৭০ জনের মৃত্যু হয়েছে।

সরকারের লক্ষ্য প্রতি লাখে ২২১ জন রোগী শনাক্ত করা, কিন্তু বর্তমান হার ১৮১। অর্থাৎ প্রতি লাখে ৪০ জন করে, পুরো বিভাগে বছরে প্রায় ১০ হাজার সম্ভাব্য রোগী শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন। শিশুদের যক্ষ্মা শনাক্তের হারও লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম, মাত্র ৪.৭৪ শতাংশ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিভাগে স্বাস্থ্য সহকারীর মোট ২ হাজার ৬৬৬টি অনুমোদিত পদের মধ্যে ১ হাজার ২২১টি শূন্য। এতে মাঠপর্যায়ে রোগীর ফলো-আপ ও নিয়মিত ওষুধ সেবনের তদারকি প্রায় অকার্যকর হয়ে পড়েছে। এ ছাড়া আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ডের অর্থায়নে ২০২১-২২ সাল থেকে চুক্তিতে নিয়োগ পাওয়া মেডিকেল প্রযুক্তিবিদেরা যক্ষ্মা নির্ণয়ে মূল ভূমিকা রাখছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে ওই অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় ল্যাবগুলো চরম সংকটে পড়েছে।