রাজধানী ও আশপাশে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের গাড়ি, স্থাপনা ও কর্মীদের ওপর গত তিন সপ্তাহ ধরে একের পর এক হামলা চলছে। কিন্তু এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ; কারা হামলা চালাচ্ছে, সেটিও শনাক্ত করা যায়নি।
প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০ অক্টোবর থেকে ১২ নভেম্বর—এই ২৪ দিনে প্রধান কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা, পরিবহন ও কর্মীদের ওপর অন্তত ১৯ বার হামলা হয়েছে। কখনো চলন্ত গাড়িতে ইট ছুড়ে কাচ ভাঙা হয়েছে, কখনো মোটরসাইকেলে এসে পথ আটকে চালককে মারধর করা হয়েছে। কোথাও পেট্রল বোমা ও ককটেল ছুড়ে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। এসব হামলায় ছয়জন চালক ও কর্মী আহত হয়েছেন, পুড়েছে বহু গ্রাহকের পণ্যও।
সর্বশেষ বৃহস্পতিবার তিন স্থানে প্রতিষ্ঠানটির তিনটি গাড়িতে হামলা হয়। ভোরে হাজারীবাগের শাহজাহান মার্কেটের সামনে রাখা একটি কাভার্ড ভ্যানের কেবিনে মোটরসাইকেলে আসা দুজন ককটেল ছোড়ে। রাত সাড়ে আটটায় দক্ষিণ যাত্রাবাড়ীতে আরেকটি গাড়িতে এবং রাত ৯টা ২০ মিনিটে কেরানীগঞ্জে কার্যালয়ের সামনে পার্ক করা আরেকটি গাড়িতে হামলা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলা ও হুমকির ঘটনায় বিভিন্ন থানায় সাতটি মামলা, চারটি সাধারণ ডায়েরি ও চারটি অভিযোগ করা হয়েছে। তবু হামলা থামেনি। অনেক ঘটনার সিসিটিভি ফুটেজ থাকার পরও কেন কেউ ধরা পড়ছেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন শুক্রবার সন্ধ্যায় বলেন, বৃহস্পতিবারের ঘটনায় হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে, তবে মোটরসাইকেলের নম্বর এখনো স্পষ্ট পাওয়া যায়নি। অন্য ঘটনার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চললেও হামলাকারীদের পাওয়া যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।
ক্রমাগত হামলার কারণে পণ্য নিয়ে সড়কে বের হলেই আতঙ্কে থাকতে হচ্ছে প্রতিষ্ঠানটির চালকদের। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত পাঁচ হাজার কর্মীর চাকরিও ঝুঁকিতে পড়েছে বলে জানানো হয়েছে।