সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চলতি হিসাবের ঘাটতি ১৩৩ কোটি ডলার, এক বছরে বেড়েছে ৬২ শতাংশের বেশি; পেট্রোলিয়াম আমদানি ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২০ লাখ ডলার।

আমদানি ব্যয় বাড়লেও সে অনুপাতে রপ্তানি আয় না বাড়ায় দেশের চলতি হিসাব ফের ঘাটতিতে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) এ ঘাটতি দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২০ লাখ ডলার। এক বছর আগের একই সময়ে ঘাটতি ছিল ৮২ কোটি ১০ লাখ ডলার; অর্থাৎ ঘাটতি বেড়েছে ৬২ শতাংশের বেশি। অথচ এক মাস আগেও চলতি হিসাবে ৫৯ কোটি ডলারের উদ্বৃত্ত ছিল।

চলতি হিসাব মূলত পণ্য বাণিজ্য, সেবা বাণিজ্য, প্রাথমিক আয় ও দ্বিতীয় পর্যায়ের আয় (যার মধ্যে রেমিট্যান্স রয়েছে)—এ চার খাতের আয়-ব্যয়ের হিসাব। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, প্রথম তিন মাসে এসব খাতে দেশে এসেছে ২ হাজার ৩২২ কোটি ১০ লাখ ডলার, আর বিদেশে গেছে ২ হাজার ৪৫৫ কোটি ৩০ লাখ ডলার। ব্যবধানই ঘাটতি। গত ২০২৫-২৬ অর্থবছরে পুরো বছরে এ ঘাটতি ছিল ১৫৯ কোটি ৪০ লাখ ডলার, তার আগের অর্থবছরে মাত্র ১৩ কোটি ৮০ লাখ ডলার।

তথ্য অনুযায়ী, আমদানি ব্যয় অস্বাভাবিক বাড়াই ঘাটতির প্রধান কারণ। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে পেট্রোলিয়াম পণ্যে; আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে আমদানি ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে আমদানি ব্যয় এবং রপ্তানি ও রেমিট্যান্স আয়ের মধ্যে ব্যবধান আরও বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হবে। চাহিদা অনুযায়ী বিদেশি ঋণ ও অর্থায়ন না মিললে এ চাপ আরও বাড়তে পারে।

অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, রেমিট্যান্সে প্রবৃদ্ধি স্বস্তিদায়ক, তবে তা আমদানি ব্যয় ও অন্যান্য বৈদেশিক পরিশোধের চাপ পুরোপুরি সামাল দিতে পারছে না। জ্বালানি ও প্রয়োজনীয় পণ্যের আমদানি অব্যাহত থাকলে ডলারের চাহিদা বাড়বে। রিজার্ভের ওপর চাপ কতটা পড়বে, তা নির্ভর করবে রপ্তানি আয়, রেমিট্যান্স, বৈদেশিক ঋণ ও বিনিয়োগের প্রবাহ এবং বাজারে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের ওপর।