চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জেরে প্রায় এক ঘণ্টা হেয়াকো-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন একটি পক্ষের নেতা-কর্মীরা। শনিবার রাত ১০টার দিকে দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। একটি পক্ষ স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীরের এবং অপর পক্ষ উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারের অনুসারী। শনিবার রাতে বাগান বাজার সিকদার ঘাটা বাজারের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে ঢোকেন মোহাম্মদ কবির ও নাছির উদ্দিন। নাছির উদ্দিন সংসদ সদস্যের অনুসারী হিসেবে পরিচিত, আর কবির আজিম উল্লাহ বাহারের অনুসারী। দুজনই আগে খাবার দিতে বললে প্রথমে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে তর্ক হয়, পরে তাঁরা নিজেরা মারামারিতে জড়ান। খবর পেয়ে দুই পক্ষের অনুসারীরা জড়ো হলে তাঁদের মধ্যেও সংঘর্ষ বাধে।
সংঘর্ষের একপর্যায়ে নাছির উদ্দিনের অনুসারীরা হেয়াকো-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার বলেন, তাঁর কর্মী মুহাম্মদ কবিরকে সালিস বৈঠকে ডেকে নিয়ে হামলা করে মারধর করা হয়েছে; তিনি এর বিচার চান। সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুজনের মধ্যে মারামারি হয়েছে, এখানে কোনো পক্ষ-বিপক্ষের দ্বন্দ্ব নেই; ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, সংসদ সদস্য ও আজিম উল্লাহ বাহারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে; পরে সংসদ সদস্যের অনুসারীরা সড়ক অবরোধ করেন। তাঁর ভাষ্য, আধা ঘণ্টার মধ্যে পুলিশ গিয়ে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।