নগরায়ন, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, অবৈধ দখল ও ভরাটের কারণে রাজধানীর অসংখ্য খাল, পুকুর ও প্রাকৃতিক জলাধার হারিয়ে যেতে বসেছে। এ অবস্থায় ঢাকার দুই সিটি করপোরেশনের মাধ্যমে ৫৬টি খাল ও ৬২টি পুকুর দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।
নগর বিশেষজ্ঞদের মতে, জলাধার দখল ও ভরাটের কারণে রাজধানীর পানি নিষ্কাশনব্যবস্থা, পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তরেও চাপ বাড়ছে। তাঁদের ভাষ্য, সংরক্ষিত পুকুর ও জলাধার জরুরি সময়ে পানির উৎস হিসেবে কাজে আসার পাশাপাশি নগরীর তাপমাত্রা ও তাপদ্বীপ প্রভাব কমাতেও ভূমিকা রাখতে পারে।
জাতীয় নদী রক্ষা কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানীতে ৫৬টি খাল রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২৭টি। এসব খালের অধিকাংশই অবৈধ দখল ও ভরাটের কারণে সংকুচিত হয়ে পড়েছে।
শ্যামপুর, মান্ডা, জিরানি ও কালুনগর খাল দখলমুক্ত করতে একটি প্রকল্প চলমান আছে। পর্যায়ক্রমে অন্য খালগুলোও উদ্ধারের কাজ করা হবে বলে জানানো হয়েছে।
পরিবেশ অধিদফতরের উপপরিচালক সাবরিন সুলতানা বলেন, খালে বর্জ্য ও আবর্জনা ফেলার কারণে পানি দূষিত হলে বা পরিবেশের ক্ষতি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।