পাবনার বেড়া উপজেলায় ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গভীর নলকূপের পানিতেও এখন এই বিষাক্ত উপাদান মিলছে। এতে উপজেলার প্রায় তিন লাখ মানুষ দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বিকল্প নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় অনেকেই বাধ্য হয়ে আর্সেনিকযুক্ত পানিই পান করছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার ৯টি ইউনিয়ন ও বেড়া পৌরসভায় ১২৪টি কমিউনিটিভিত্তিক গভীর নলকূপ বসানো হয়। প্রতিটিতে ব্যয় হয় প্রায় আট লাখ ৬৩ হাজার টাকা। এর মধ্যে ১৭টি নলকূপের পানিতে আর্সেনিক পাওয়া গেছে; বাকিগুলোর পানি আর্সেনিক ও আয়রনমুক্ত।
২০২২-২৩ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২২০ ফুট গভীরতায় বসানো ৭২টি নলকূপের মধ্যে ৭০টির পানিতেই আর্সেনিক শনাক্ত হয়েছে। মাত্র দুটির পানি নিরাপদ পাওয়া গেছে। এতে গভীর পানিস্তরেও আর্সেনিক ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ডিপিএইচইর তথ্য অনুযায়ী, মাসুমদিয়া ইউনিয়ন ও বেড়া পৌরসভার সানিলা মহল্লা সবচেয়ে বেশি আর্সেনিকপ্রবণ। তুলনামূলক কম ঝুঁকিতে আছে ঢালারচর ইউনিয়ন। ২০০৪ সালে আর্সেনিক ও আয়রন দূর করতে বসানো ৫০টি রিমুভাল প্ল্যান্টের মধ্যে এখন সচল আছে মাত্র ১০টি; রক্ষণাবেক্ষণের অভাবে বাকি ৪০টি অকেজো।
হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল করিম জানান, গ্রামের অধিকাংশ নলকূপের পানিতে আর্সেনিক রয়েছে। দীর্ঘদিন এ পানি পান করায় কয়েকজনের হাত-পায়ে কালো দাগ দেখা দিয়েছে। আমিনপুরের গৃহিণী রওশন আরা বলেন, নিরাপদ পানির জন্য দূরের নলকূপ থেকে পানি আনতে হয়, সব সময় তা সম্ভব হয় না; তাই বাধ্য হয়ে বাড়ির নলকূপের পানি ব্যবহার করতে হয়।
চিকিৎসকদের মতে, দীর্ঘদিন আর্সেনিকযুক্ত পানি পান করলে ত্বকের নানা সমস্যার পাশাপাশি লিভার, কিডনি ও ফুসফুসের রোগ এবং ক্যানসারের ঝুঁকি বাড়ে। অনেক ক্ষেত্রে আট থেকে ১০ বছর পর এর লক্ষণ প্রকাশ পায়। বিশেষজ্ঞরা নিয়মিত পানির গুণগত মান পরীক্ষা, অকেজো প্ল্যান্ট সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং পাইপলাইনে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।
বেড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন বলেন, ঢালারচর ও চরাঞ্চল ছাড়া উপজেলার প্রায় সব ইউনিয়ন ও পৌর এলাকার অগভীর পানিস্তরে আর্সেনিক রয়েছে। চলতি অর্থবছরে নতুন প্রকল্প ও বরাদ্দ পাওয়া গেলে ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদ পানি সরবরাহ বাড়ানো হবে।