জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন একদল শিক্ষার্থী। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাত সোয়া ১০টার দিকে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সহপাঠীরা জানান, অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩তম আবর্তন) শিক্ষার্থী আওরঙ্গজেব রমজান সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে বিশমাইল এলাকা থেকে একটি রিকশায় ওঠেন। তখন এক অপরিচিত ব্যক্তি রিকশাচালককে লাঠি দিয়ে আঘাত করতে গেলে সেটি রমজানের শরীরে লাগে। এ নিয়ে প্রশ্ন করলে আবারও তাঁকে মারধর করা হয় এবং একপর্যায়ে পাশের একটি কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ।
রমজান বলেন, কেন মারছেন জানতে চাইলে তাঁকে হাত ধরে একটি ছোট কক্ষে নিয়ে যাওয়া হয় এবং সেখানে লাথিসহ বেধড়ক মারধর করা হয়। ঘটনাটি সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেসবুক গ্রুপে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে। এরপর সাড়ে ৮টার দিকে একদল শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার দাবি জানান।
অবরোধ চলাকালে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি প্রশাসনের সহানুভূতি রয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের কাজ চলছে এবং উপাচার্যও বিষয়টি সমাধানে উদ্যোগ নিয়েছেন। প্রশাসনের আশ্বাসের পরই শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে এক সেনা সদস্যের অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। এর প্রতিবাদেই শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করেছেন বলে তিনি জানান।