পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছে পিরোজপুর জেলা বিএনপি। দলটির অভিযোগ, হামলাকারীরা বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা চালিয়ে লুটপাট করেছেন।
রোববার বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের তিন শতাধিক নেতা-কর্মী মিছিল নিয়ে ওই মোড়ে আসেন। তাঁরা প্রথমে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়িতে হামলা চালান।
এরপর মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য, কার্যালয়ের চেয়ার-টেবিল ভেঙে বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও নাজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং সোমবার বিকেলে নাজিরপুরের সাচিয়া বাজারে প্রতিবাদ সভা আয়োজনের ঘোষণা দেন।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।