বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। অনলাইনে আবেদনের শেষ দিন ৭ জানুয়ারি ২০২৭, আর অনলাইনে ফি জমা দেওয়া যাবে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি।
এবার মোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। প্রকৌশল বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের মোট আসন ১ হাজার ৩০৫। এর বাইরে পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি—মোট চারটি অতিরিক্ত আসন সংরক্ষিত রয়েছে।
আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করা প্রথম ১০ হাজার জন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। বাছাইয়ের ক্ষেত্রে প্রথমে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত মোট নম্বর, তারপর উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। ১০ হাজারতম আবেদনকারীর মোট নম্বর একই হলে সেই নম্বরপ্রাপ্ত সবাই সুযোগ পাবেন। যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ) ৫.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ পেতে হবে। জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলের ক্ষেত্রে ‘ও’ লেভেলে পাঁচটি বিষয়ের প্রতিটিতে অন্তত বি গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের যেকোনো দুটিতে এ ও একটিতে অন্তত বি গ্রেড লাগবে। এ ধরনের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম ৩০০ জনকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে।
আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দিতে হবে। জমা শেষে একটি অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর দেওয়া হবে, যার বিপরীতে নির্ধারিত পদ্ধতিতে আবেদন ফি জমা দিতে হবে। ভর্তির বিস্তারিত নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।