মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রাকসু নির্বাচনের দাবিতে মঙ্গলবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে আগামীকাল থেকে অবস্থান কর্মসূচিতে যাচ্ছে রাবি সংস্কার আন্দোলন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে রাবি সংস্কার আন্দোলন।

সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের পক্ষ থেকে এ ঘোষণা দেন সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, রাকসু আদায়ের দাবিতে তাঁরা প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন। এরপর প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। এখন তাঁরা অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আম্মার জানান, ছাত্রশিবির নিজেদের জায়গা থেকে এ দাবিতে মানববন্ধন করেছে। এদিন মঞ্চ ২৪ নামের আরেকটি সংগঠন তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বলেও জানান তিনি। রাকসু চায় এমন প্রতিটি সক্রিয় সংগঠনকে এই কর্মসূচির সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানান তিনি।

নিজের অবস্থান ব্যাখ্যা করে আম্মার বলেন, রাকসু নির্বাচন না হলে ব্যক্তিগতভাবে তাঁর কোনো ক্ষতি নেই, কারণ যত দিন নির্বাচন না হবে, তত দিন তিনি নিজেকে রাকসুর সর্বশেষ সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতে পারবেন। তবে নৈতিক দায়িত্ব থেকেই তাঁরা নির্বাচনের দাবিতে মাঠে নেমেছেন বলে জানান তিনি।

আন্দোলনের নেতারা জানান, সম্প্রতি রাকসু নির্বাচন আয়োজনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি ও আল্টিমেটাম দেওয়া হয়েছিল। এবার কর্মসূচি আরও জোরালো করার পথে হাঁটছেন তাঁরা।