শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই ককটেল বিস্ফোরণ, আহত দুজন হাসপাতালে

শুক্রবার দুপুরে শহরের মজমপুরে রেললাইনের পাশের দোকানে বিস্ফোরণে দোকানমালিকসহ দুজন আহত হন; পুলিশ আলামত সংগ্রহ করেছে।

কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় একটি ভাঙারির দোকানে ককটেলের বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। ভাঙারির মালামাল ভরা বস্তা দোকানের সামনে নামানোর পরপরই বিস্ফোরণ ঘটে। এতে দোকানমালিক ও মালামাল নিয়ে আসা ব্যক্তি আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ২টা ৪০ মিনিটে রেললাইনের পাশে রুহুল আমিনের দোকানে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন দোকানমালিক রুহুল আমিন ও কোর্টপাড়া এলাকার সুমন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন বিভিন্ন এলাকায় পথে পড়ে থাকা জিনিসপত্র সংগ্রহ করেন। শুক্রবার দুপুরে তিনি শহরের কাস্টমস মোড় এলাকা থেকে বস্তাভর্তি মালামাল রিকশায় করে মজমপুরে রুহুল আমিনের দোকানে নিয়ে যান। বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। রুহুল আমিন বলেন, বস্তার ভেতরে কী ছিল তা তিনি জানতেন না।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দোকানের সামনে প্রচুর ধোঁয়া এবং রেললাইনের ওপর এক ব্যক্তিকে আধশোয়া অবস্থায় কাতরাতে দেখা গেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান জানান, বেলা সোয়া ৩টায় দুজন জরুরি বিভাগে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। সুমনের বাঁ পায়ে বেশি ক্ষত হয়েছে, রুহুলের ডান পায়ে আঘাত দেখা গেছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার বলেন, মালামাল বের করার মুহূর্তে ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। আহত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।