শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: সাক্ষাৎকারে অনুপস্থিতদের জায়গায় লটারিতে আরও ৫০ জন বাছাই শনিবার

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনার প্রথম ধাপে নির্বাচিত ৩০০ জনের কয়েকজন অনুপস্থিত থাকায় বোয়েসেল নতুন লটারি করছে।

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে আরও ৫০ জন আবেদনকারীকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন সাক্ষাৎকারে অনুপস্থিত থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

শুক্রবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, প্রথম ধাপে নির্বাচিত ৩০০ জনের বাইরের আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন ৫০ জনকে বাছাই করা হবে। লটারি হবে শনিবার, ১৪ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের সম্মেলন কক্ষে। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া বোয়েসেলের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ হাজার কর্মীকে অভিবাসন ব্যয় ছাড়া মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় দেশটির ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দেওয়া হবে।

এ নিয়োগের জন্য ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। সেখান থেকে স্বয়ংক্রিয় অনলাইন লটারিতে প্রথম ধাপে ৩০০ জনকে সাক্ষাৎকারের জন্য বাছাই করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার সাক্ষাৎকারের সময় কয়েকজন অনুপস্থিত থাকায় নতুন করে ৫০ জনকে সুযোগ দেওয়া হচ্ছে।

প্রথম ধাপে ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন পুরুষ কর্মী নেওয়া হবে। তাঁরা ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ ও ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে কাজ করবেন। চূড়ান্ত বাছাইয়ের জন্য মালয়েশিয়া থেকে আসা নয় সদস্যের একটি প্রতিনিধি দল এখন ঢাকায় আছে; তারা ১৫ নভেম্বর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।

বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ দিতে হবে না; নিয়োগকারী প্রতিষ্ঠানই কর্মী নিয়োগ ও বিদেশে পাঠানোর পুরো খরচ বহন করবে।