দেশের পরিত্যক্ত খাল পুনঃখননের পাশাপাশি সেগুলোকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এ কর্মসূচির অংশ হিসেবে চলতি বছর দেশের আটটি জেলার ৩০টি খালকে মডেল খাল হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার একটি লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মডেল খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন। তাঁর ভাষ্য, গত বছর থেকে খাল খনন কর্মসূচি জোরদার করা হয়েছে। মডেল খাল কার্যক্রমের আওতায় শুধু পানি নিষ্কাশন ও সংরক্ষণ নয়, খালের বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে খালের পাশে গাছ লাগানো, মাছ চাষ ও হাঁস পালনের উদ্যোগ নেওয়া হবে।
খালকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও এ কর্মসূচিতে গুরুত্ব পাচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, হতদরিদ্র জনগোষ্ঠীর ২০ জন করে সদস্য নিয়ে সমবায় সমিতি গঠন করা হবে। সমিতির সদস্যরা খালের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মাছ ও হাঁস চাষ ও গাছের পরিচর্যার সঙ্গে যুক্ত থেকে চুক্তির আওতায় আসবেন। এর মাধ্যমে তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
মন্ত্রী জানান, মহেন্দ্রনগর মডেল খালটি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ। খালটি লালমনিরহাটের মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে তিস্তা নদীতে গিয়ে মিশেছে। প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরসূচিতে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ পরিদর্শন এবং ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রম পরিদর্শন অন্তর্ভুক্ত আছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে অঞ্চলটিকে অপরাধমুক্ত করার উদ্যোগে জনগণের অংশগ্রহণ ও কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রী সরেজমিনে দেখতে চান বলেও জানান তিনি।