শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পুঠিয়ায় বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে নিষিদ্ধ যুবলীগের নেতা আটক, স্থানীয়দের হাতে ধরা পড়ে পুলিশের হেফাজতে

নাটোর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমানকে বৃহস্পতিবার রাতে আটক করে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দেন।

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির এক নেতার শ্বশুরবাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি বেশ কিছুদিন ধরে ভাড়াটিয়া পরিচয়ে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। বাড়িটি পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের। আটক ব্যক্তির নাম মো. হাবিবুর রহমান। তিনি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা জানান, ওই বাড়িতে অপরিচিত লোকজনের যাতায়াত বেড়ে যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে হাবিবুর রহমানের পরিচয় এবং তাঁর বিরুদ্ধে মামলার তথ্য জানাজানি হলে বাসিন্দারা তাঁকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতার কয়েকজন তাঁকে মারধর করেন বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এরপর পুঠিয়া থানা পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয় এবং পরে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মাসুদ রানার অভিযোগ, হাবিবুর রহমান যে বাড়িতে ছিলেন, সেই বাড়ির মালিকের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি বাড়িতে তল্লাশিও চালায়নি। তিনি আশ্রয়দানের বিষয়টি তদন্ত করে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা থাকায় তাঁকে ওই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আশ্রয়দাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে নাটোর সদর থানার ওসি বলতে পারবেন।