হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালে কয়েকদিনের টানা বর্ষণে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। দেশটির পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় আলাদা আলাদা ভূমিধসে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র কালিদাস ধাউবোজি। শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের পর থেকে আরও নয়জনকে বন্যার স্রোত ভাসিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। এছাড়া বজ্রপাতে প্রাণ গেছে আরও তিনজনের।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মহাত জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রবল বর্ষণ পরিস্থিতি মোকাবিলায় সরকার সোমবার ও মঙ্গলবার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র জরুরি সেবা ও উদ্ধারকারী দলগুলো ছুটির আওতার বাইরে থাকবে।
সরকারি মুখপাত্র রমেশ্বর ডাঙ্গাল বলেছেন, আবহাওয়া দফতরের পূর্বাভাসে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে নেপালের আবহাওয়া অধিদপ্তর অন্তত এক ডজন জেলা ‘রেড অ্যালার্ট’-এর আওতায় এনেছে। অধিদপ্তরের প্রধান কমল রাম যোশী বাসিন্দাদের বিশেষ করে নদী ও খালের তীরবর্তী এলাকা থেকে দ্রুত সরিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, কাঠমান্ডু ও তার আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। বাগমতী, গান্দাকি, লুম্বিনি ও মাধেশ প্রদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
টানা ভূমিধসে দেশের সড়ক যোগাযোগও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠমান্ডুর সঙ্গে চীনের সীমান্ত সংযোগকারী আরানিকো হাইওয়ে একাধিক স্থানে ধসে পড়ায় বন্ধ হয়ে গেছে। একইভাবে পূর্বাঞ্চলের বিপি হাইওয়ে ধ্বংসস্তূপে ঢাকা পড়েছে।
দৃষ্টিসীমা কমে যাওয়ায় শনিবার অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিঞ্জি শেরপা। তবে আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলছে।
তিনি বলেন, “দেশীয় ফ্লাইটগুলো ব্যাপকভাবে বিঘ্নিত হলেও আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখনো চালু রয়েছে।”
এই দুর্যোগটি এমন এক সময়ে এসেছে, যখন নেপালের শত শত মানুষ দশাইন উৎসব শেষে নিজ নিজ গ্রাম থেকে শহরে ফিরছিলেন। দুই সপ্তাহব্যাপী এই উৎসব নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন হিসেবে বিবেচিত।
সবচেয়ে বেশি বিপদের মুখে রয়েছে দক্ষিণ-পূর্ব নেপালের কোশি নদী এলাকা। পানি স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় নদীটির ৫৬টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে—যা সাধারণত ১০ থেকে ১২টি খোলা থাকে।
স্থানীয় প্রশাসক ধর্মেন্দ্র কুমার মিশ্র জানিয়েছেন, ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ।
নেপালের পাশাপাশি ভারতের দার্জিলিং অঞ্চলেও ভূমিধস ও বৃষ্টিপাতে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা পুলিশ কর্মকর্তা অভিষেক রায় জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দুইজনের সন্ধানে অভিযান চলছে।
প্রতিবছর বর্ষাকালে নেপালের পার্বত্য এলাকায় এমন ভূমিধস ও আকস্মিক বন্যা সাধারণ ঘটনা। জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা এই মৌসুমে শত শত মানুষের প্রাণহানি ঘটে থাকে।