শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

এক রাতে ১ হাজার ২৪৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার, মস্কোর দিকে ধেয়ে এসেছিল ৪৬০টির বেশি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কো অঞ্চলসহ এক ডজনের বেশি অঞ্চলে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে; জাপোরিজিয়ায় রুশ হামলায় একজন নিহত বলে জানিয়েছে ইউক্রেন।

রাশিয়া জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ১ হাজার ২৪৬টি ইউক্রেনীয় ফিক্সড-উইং ড্রোন ভূপাতিত ও ধ্বংস করেছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কো অঞ্চলসহ এক ডজনের বেশি অঞ্চলে এসব ড্রোন ঠেকানো হয়। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, জাপোরিজিয়া অঞ্চলে রুশ হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে মস্কো অঞ্চলের দিকে ৪৬০টির বেশি ড্রোন ধেয়ে আসে। রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী এর বেশির ভাগই দূর থেকে ধ্বংস করেছে; ১২৩টি রাজধানীর কাছাকাছি আসার পর ভূপাতিত হয়। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

ইউক্রেনও জানিয়েছে, তাদের বিভিন্ন অঞ্চলে শত শত রুশ ড্রোন ছোড়া হয়েছে। জাপোরিজিয়া আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ বলেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ওই অঞ্চলে ৭০০টির বেশি ড্রোন ছুড়েছে। এসব হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী ইউক্রেনের সামরিক বাহিনীসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

দুই পক্ষই সাম্প্রতিক মাসগুলোতে ড্রোন ও অন্যান্য প্রক্ষেপণাস্ত্রের হামলা বাড়িয়েছে। যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে, আর যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করতে আলোচনার চেষ্টা করছে। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সপ্তাহে দ্বিতীয়বারের মতো সতর্ক করে বলেন, রাশিয়া ইউক্রেনে বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তাঁদের কাছে তথ্য আছে। তিনি জানান, আকাশ প্রতিরক্ষা বাড়াতে মিত্রদের সঙ্গে আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের অপেক্ষায় আছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, গত সপ্তাহে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে তিনি ইউরোপের বিরুদ্ধে সব ধরনের সামরিক আগ্রাসন থেকে সরে আসতে অনুরোধ করেছেন। তাঁর মতে, এই অনুরোধ যুদ্ধ শেষ করার চুক্তিতে সহায়ক হতে পারে।