রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরছে না সরকার, জানুয়ারি–ফেব্রুয়ারির মধ্যে আলোচনা শেষের আশা অর্থমন্ত্রীর

কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন উদ্বোধনের পর অর্থমন্ত্রী বলেন, মতপার্থক্যের বিষয়গুলো সমাধানে দুটি কার্যদল কাজ করছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি থেকে সরে আসছে না সরকার। বরং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও সরকারের অগ্রাধিকারের সঙ্গে মিল রেখে কর্মসূচিটি এগিয়ে নিতে আলোচনা চলছে। আজ রোববার কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তের আইএমএফ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে সাংবাদিকেরা অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, বিশ্বব্যাংক, এডিবি ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের পর আইএমএফের সঙ্গেও আলোচনা চলছে। উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে, তাই দেশের অগ্রাধিকারের সঙ্গে মিল রেখে সব সহযোগী সংস্থার কর্মসূচি এগিয়ে নিতে চায় সরকার।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে বাতিল হওয়া ঋণ কর্মসূচিটি হয়েছিল আগের ‘অনির্বাচিত’ সরকারের সময়ে। তখন যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। তাঁর যুক্তি, হঠাৎ করে এসব শর্ত কার্যকর করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে এবং দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

কর্মসূচি থেকে সরকার সরে আসছে—এমন আলোচনা নাকচ করে তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। যেসব বিষয়ে আইএমএফের সঙ্গে মতপার্থক্য রয়েছে, সেগুলো সমাধানে দুটি কার্যদল (ওয়ার্কিং গ্রুপ) কাজ করছে। আগামী জানুয়ারি–ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সরকারের অবস্থান আইএমএফের সঙ্গে সম্পর্ক বা ঋণ কর্মসূচি বন্ধ করা নয়; বরং দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের স্বার্থ ও উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিটি বাস্তবায়ন করাই লক্ষ্য।